ঐতিহ্য ও প্রযুক্তির মেলবন্ধন: আইআইটি ভুবনেশ্বর ও ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের মধ্যে ঐতিহাসিক মৌ স্বাক্ষর – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রাচীন ভারতীয় প্রজ্ঞা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে এক অনন্য চুক্তিতে আবদ্ধ হলো আইআইটি ভুবনেশ্বর ও কলকাতার ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার (বিআরসি)। গত বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো ভারতীয় দর্শন, ঐতিহ্যবাহী জ্ঞানচর্চা এবং ডিজিটাল হিউম্যানিটিজ বা ডিজিটাল মানববিদ্যার ক্ষেত্রে নিবিড় আন্তঃবিভাগীয় গবেষণা চালানো।
এই প্রকল্পের অধীনে মূলত পাণ্ডুলিপি গবেষণা এবং সেগুলোর আধুনিকীকরণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রাচীন টেক্সট বিশ্লেষণ, ডিজিটাল রিপোজিটরি এবং গবেষণার উপযোগী উন্নত টুলস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। আইআইটি-র প্রযুক্তিগত দক্ষতা এবং বিআরসি-র তাত্ত্বিক জ্ঞানের সংমিশ্রণে ভারতীয় জীবনবোধ ও নৈতিকতা সংক্রান্ত বিষয়গুলো আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গবেষণার পাশাপাশি দুই প্রতিষ্ঠান যৌথভাবে আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা এবং সম্মেলন আয়োজন করবে। মানববিদ্যা, সমাজবিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে একাধিক উচ্চমানের প্রকাশনা ও যৌথ প্রকল্প হাতে নেওয়ার কথা জানানো হয়েছে। এই ঐতিহাসিক পদক্ষেপটি আসলে প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তিগত কাঠামোর এক সার্থক সমন্বয়, যা ভারতীয় জ্ঞানব্যবস্থাকে বিশ্ব দরবারে আরও শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাবে।

