৫ দিনে ৬ ব্যাংক লুট করেও কপাল পুড়ল ডাকাতের! পকেটে এল মাত্র ৫৬ হাজার টাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউইয়র্ক থেকে এক অদ্ভুত অপরাধের খবর সামনে এসেছে। ৩৩ বছর বয়সী গুস্তাভো ডিজেসাস টোরেস মাত্র পাঁচ দিনের ব্যবধানে ছয়টি ব্যাংকে ডাকাতি করেও কার্যত রিক্তহস্ত। চেজ ব্যাংকের বিভিন্ন শাখায় হানা দিয়ে এই তরুণ ডাকাত সব মিলিয়ে মাত্র ৬০৫ ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৬ হাজার টাকা হাতাতে পেরেছে।
নিউইয়র্ক টাইমস সূত্রে খবর, টোরেস গত সপ্তাহে একটি চিরকুট দেখিয়ে ব্যাঙ্ক কর্মীদের ভয় দেখিয়ে লুট শুরু করে। জ্যাকসন হাইটস থেকে ৩২০ ডলার এবং ব্রুকলিনের ফ্ল্যাটবুশ থেকে ২৬৫ ডলার লুট করতে পারলেও, হার্লেমের একটি ব্যাংক থেকে সে পায় মাত্র ২০ ডলার। বাকি তিনটি ডাকাতির চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অপরাধের ফাঁকে সে কানে হেডফোন আর হাতে কফির কাপ নিয়ে মেট্রো প্ল্যাটফর্মে সাধারণ যাত্রীর মতো দাঁড়িয়ে আছে। বর্তমানে পলাতক এই ‘হতভাগা’ ডাকাতের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

