লেটেস্ট নিউজ

দিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ভারত মহাসাগরে ছড়াল যুদ্ধের উত্তাপ – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত মহাসাগরে অবস্থিত আমেরিকা ও ব্রিটেনের কৌশলগত সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় পরপর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার এই হামলা চালানো হয়। তবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় দুটি ক্ষেপণাস্ত্রই মাঝআকাশে ধ্বংস হয়েছে। পেন্টাগন এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ইরানের ভূখণ্ড থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিতে হামলার ঘটনা বিশেষজ্ঞদের অবাক করেছে। তেহরান আগে কখনও এত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উপস্থিতির কথা স্বীকার করেনি। বিশেষজ্ঞ মহলের মতে, যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ইরান পশ্চিমী শক্তিকে নিজেদের সক্ষমতার কড়া বার্তা দিতে চাইছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনীশ তিওয়ারিও বিষয়টিকে যুদ্ধের বিস্তৃতি হিসেবে বর্ণনা করেছেন।

দিয়েগো গার্সিয়া ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চলের অংশ হলেও এটি আমেরিকার অন্যতম প্রধান সামরিক কেন্দ্র। ইরাক ও আফগানিস্তান অভিযানে এই ঘাঁটিটি ব্যবহৃত হয়েছিল। বর্তমানে চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে ফিরিয়ে দেওয়া নিয়ে আলোচনার মধ্যেই এই হামলা ভূ-রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলল। ভারত মহাসাগরে এই সামরিক সক্রিয়তা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *