লেটেস্ট নিউজ

চুঁচুড়ায় গৃহবধূর রহস্যমৃত্যু: পিটিয়ে খুনের অভিযোগে শ্বশুরবাড়িতে ব্যাপক ভাঙচুর, রণক্ষেত্র কাপাসডাঙা – এবেলা

এবেলা ডেস্কঃ

হুগলির চুঁচুড়ার কাপাসডাঙায় মৌমিতা চক্রবর্তী নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। শনিবার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর বাপের বাড়ির সদস্যরা পিটিয়ে খুনের অভিযোগ তুলে শ্বশুরবাড়িতে চড়াও হন। উত্তেজিত জনতা ঘরবাড়ি ভাঙচুর করলে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয় এবং হামলায় মৃতার শাশুড়ি জখম হন বলে জানা গেছে।

মৃতার পরিবার সূত্রে খবর, আড়াই বছর আগে দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মৌমিতার বিয়ে হয়েছিল। তাঁদের একটি সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। অশান্তির জেরে মাস তিনেক আগে মৌমিতা বাপের বাড়িতে চলে গেলেও স্বামী তাঁকে বুঝিয়ে ফিরিয়ে আনেন। তারপর থেকেই পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলে দাবি করা হয়েছে।

খবর পেয়ে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতার ভাই শান্তনু চক্রবর্তীর অভিযোগ, তাঁর দিদিকে পরিকল্পিতভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *