লেটেস্ট নিউজ

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে রক্ষা কবচ ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল’, জেনে নিন আবেদনের পদ্ধতি – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটাতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। Supreme \titleonly কোর্টের নির্দেশ মেনে গঠন করা হয়েছে বিশেষ ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল’। বর্তমানে বিচারাধীন থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে ২৭ লক্ষ ২৩ হাজার জনের নাম আগামী সোমবার প্রথম তালিকায় প্রকাশিত হবে। বাকিদের নাম যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হলে, যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়বে, তাঁরাই কেবল এই নতুন ট্রাইব্যুনালে পুনরায় আবেদনের সুযোগ পাবেন।

ভোটারদের সুবিধার্থে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা হয়েছে। আবেদনকারীরা সরাসরি জেলাশাসক (DM), অতিরিক্ত জেলাশাসক বা মহকুমাশাসকের দপ্তরে গিয়ে অফলাইনে আবেদন করতে পারবেন। ডিজিটাল মাধ্যমে আবেদনের জন্য কমিশনের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ব্যবহার করা যাবে ‘ECI NET’ মোবাইল অ্যাপ। আমজনতার উদ্বেগ কমাতে এবং স্বচ্ছ ভোটার তালিকা নিশ্চিত করতেই এই দ্রুত নিষ্পত্তি ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিশেষ ট্রাইব্যুনাল পরিচালনার দায়িত্বে থাকছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমসহ ১৯ জন প্রাক্তন বিচারপতি। রাজ্যের ২৩টি জেলার জন্য এই অভিজ্ঞ আইনি বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়েছে। ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার প্রেক্ষিতেই শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছিল। সংশ্লিষ্ট জেলাগুলির সমস্ত অমীমাংসিত আপিল নিষ্পত্তি হওয়ার পর এই ট্রাইব্যুনালের কার্যকাল শেষ হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *