লেটেস্ট নিউজ

সৌজন্যের রাজনীতি: রাজ্যপালের আমন্ত্রণে ইদের সন্ধ্যায় লোকভবনে মুখ্যমন্ত্রী মমতা – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলার নতুন রাজ্যপাল আরএন রবির আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার সন্ধ্যায় লোকভবনের চা-চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, এটি কোনো রাজনৈতিক বৈঠক বা আলোচনা নয়, বরং একান্তই একটি সৌজন্য সাক্ষাৎ। উল্লেখ্য, মার্চের শুরুতে সিভি আনন্দ বোসের পদত্যাগের পর রবীন্দ্রনাথ রবি বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন থেকেই মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে ইতিবাচক সম্পর্কের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সেই সময় রাজ্যপালকে বাংলার সংস্কৃতি ও আতিথেয়তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আন্তরিকতায় মুগ্ধ হয়েই রাজ্যপাল তাঁকে লোকভবনে সান্ধ্যকালীন চায়ের আমন্ত্রন জানিয়েছিলেন। ইদের আবহে সেই আমন্ত্রণ রক্ষা করতেই মুখ্যমন্ত্রী এদিন সশরীরে উপস্থিত হন।

সাম্প্রতিক সময়ে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে তৈরি হওয়া তিক্ততা কাটিয়ে সম্পর্কের সমীকরণ সহজ করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রীর আগমনের কিছুক্ষণ আগেই বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার রাজ্যপালের সঙ্গে দেখা করেন। কোনো বিশেষ অ্যাজেন্ডা ছাড়াই মুখ্যমন্ত্রীর এই সফর রাজভবন ও নবান্নের পারস্পরিক সৌজন্য বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *