লেটেস্ট নিউজ

হিমন্ত বিশ্বশর্মার হলফনামা, সম্পত্তির নিরিখে স্বামীর চেয়ে ১৫ গুণ ধনী স্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

আসাম বিধানসভা নির্বাচনে জালুকবাড়ি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর পেশ করা নির্বাচনী হলফনামা অনুযায়ী, বিগত পাঁচ বছরে তাঁর অস্থাবর সম্পত্তি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২.৩৬ কোটি টাকায়। চাঞ্চল্যকর তথ্য হলো, দুঁদে এই রাজনীতিকের নিজের নামে কোনো স্থাবর সম্পত্তি বা জমি নেই। তাঁর আয়ের প্রধান উৎস হিসেবে বিধায়ক ও মুখ্যমন্ত্রী পদের বেতনকেই উল্লেখ করা হয়েছে।

বিপরীতে হিমন্তপত্নী রিনিকি ভুঁইয়া শর্মার প্রতিপত্তি নজরকাড়া। হলফনামার তথ্যমতে, রিনিকির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৩ কোটি টাকা, যা হিমন্তর তুলনায় ১৫ গুণ বেশি। পেশায় মিডিয়া সংস্থার কর্ণধার রিনিকির ১৯.২৫ কোটি টাকার স্থাবর এবং ১৩.৫৪ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। দম্পতির মোট যৌথ সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ৩৫ কোটি টাকা। তবে রিনিকির নামে প্রায় ১৫.৯১ কোটি টাকার ঋণও রয়েছে।

হিমন্তর এই হলফনামা ঘিরে সরব হয়েছে বিরোধী শিবির। কংগ্রেসের অভিযোগ, সারদা থেকে পিপিই কিট কেলেঙ্কারি—একাধিক দুর্নীতির সঙ্গে মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী যুক্ত। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে একে বিরোধীদের অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। এমনকি মিথ্যাচারের অভিযোগে তিনি মানহানির মামলাও করেছেন। দুর্নীতির কাঁটা নিয়েই এখন আসামে গেরুয়া শিবিরের প্রধান সেনাপতি হিসেবে প্রচারের ব্যাটন সামলাচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *