রেজিনগরে প্রার্থী বদলের দাবিতে ধুন্ধুমার: বিজেপি কার্যালয়ে কর্মীদের তুমুল বিক্ষোভ ও হুঁশিয়ারি – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে বাপন ঘোষের নাম ঘোষণা হতেই গেরুয়া শিবিরের অন্দরে তীব্র ক্ষোভ আছড়ে পড়েছে। শনিবার বহরমপুরের কারবালা এলাকায় দলের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে চড়াও হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় কর্মী-সমর্থকরা। প্রার্থী পছন্দ না হওয়ায় জেলা জুড়ে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা।
বিক্ষোভকারী কর্মীদের অভিযোগের তির সরাসরি বিজেপির জেলা সভাপতি মলয় মহাজনের দিকে। তাঁদের দাবি, যাকে প্রার্থী করা হয়েছে সেই বাপন ঘোষকে আগে কখনও দলের কর্মসূচিতে দেখা যায়নি। অর্থের বিনিময়ে এক জন অপরিচিত ব্যক্তিকে টিকিট দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কার্যালয়ের সামনে দীর্ঘক্ষণ স্লোগান দেন কর্মীরা।
আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে রেজিনগরে প্রার্থী বদল করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামার হুমকি দিয়েছেন তাঁরা। উল্লেখ্য, শুধু রেজিনগর নয়, প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষের জেরে সল্টলেকসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের বিক্ষোভ ও পথ অবরোধের ঘটনা ঘটছে।

