লেটেস্ট নিউজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: বর্ধমান দক্ষিণে তৃণমূল প্রার্থীর প্রচার ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সরকারি সম্পত্তি ব্যবহার করে প্রচার চালানোর অভিযোগে উত্তাল স্থানীয় রাজনীতি। তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাসের সমর্থনে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে জায়ান্ট স্ক্রিনে প্রচার চালানো হচ্ছে বলে সরব হয়েছে বিজেপি। বিশেষ করে কার্জনগেটের উল্টো দিকে পুরসভার ভবনে থাকা স্ক্রিনে প্রার্থীর বিজ্ঞাপন প্রদর্শনকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক।

বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের দাবি, নির্বাচন কমিশনের আচরণবিধি কার্যকর থাকা সত্ত্বেও প্রশাসনের নাকের ডগায় এই বেআইনি কাজ চলছে। কার্জনগেট ছাড়াও বীরহাটা ও বড়নীলপুর মোড় এবং বিএসএনএল ভবনের দেওয়ালে রাজ্য সরকারের ডিসপ্লে বোর্ড ব্যবহার করে প্রচারের অভিযোগ তুলেছেন তিনি। এই বিষয়ে দ্রুত কমিশনে অভিযোগ জানানো হবে বলেও গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই ঘটনায় জেলাশাসক শ্বেতা আগরওয়াল জানিয়েছেন যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইন লঙ্ঘনের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বিতর্কের মুখে তৃণমূল প্রার্থী খোকন দাসের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ভোটের মুখে এই অভিযোগকে কেন্দ্র করে বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা এখন চরমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *