সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে দেশে গত ৭ বছরে ঝরল ৬২২ প্রাণ, লোকসভায় উদ্বেগের তথ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
বিগত সাত বছরে ভারতে সেপটিক ট্যাঙ্ক ও ম্যানহোল পরিষ্কারের মতো ঝুঁকিপূর্ণ কাজে অন্তত ৬২২ জন সাফাই কর্মীর মৃত্যু হয়েছে। লোকসভায় সমাজবাদী পার্টির সাংসদ ইকরা চৌধুরীর প্রশ্নের জবাবে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে এই পরিসংখ্যান পেশ করেছেন। সরকারি তথ্য অনুযায়ী, প্রাণহানির তালিকায় ৮৬ জন কর্মীর মৃত্যু নিয়ে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। তালিকায় এর পরেই রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও হরিয়ানা।
বিপজ্জনক এই পেশায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রেও ঘাটতি দেখা গেছে। ৫৩৯টি পরিবার পূর্ণ এবং ২৫টি পরিবার আংশিক ক্ষতিপূরণ পেলেও, ৫২টি পরিবার এখনও কোনো আর্থিক সাহায্য পায়নি। সরকার এই কাজকে ‘পেশাভিত্তিক’ বললেও বাস্তবে সুরক্ষা সরঞ্জামের অভাব ও জাতিভিত্তিক বৈষম্যের ৮৪২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১৩০টি অভিযোগই উত্তরপ্রদেশের, যা কর্মস্থলের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।
সরকার বর্তমানে ‘নমস্তে’ প্রকল্পের মাধ্যমে সাফাই কর্মীদের নিরাপত্তা ও পুনর্বাসনে জোর দিচ্ছে। এই প্রকল্পের আওতায় দেশজুড়ে প্রায় ৮৯ হাজার সেপটিক ট্যাঙ্ক কর্মীকে তালিকাভুক্ত করা হয়েছে। তবে সরকারি দাবি অনুযায়ী দেশে হাতে নোংরা পরিষ্কার করার প্রথা নেই বলা হলেও, বেসরকারি সংস্থাগুলোর পরিসংখ্যান ভিন্ন চিত্র তুলে ধরছে। Supreme \titleonly কোর্টও সম্প্রতি বড় শহরগুলোতে এই প্রথা বন্ধে সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছে।

