পণের বলি চার নম্বর স্ত্রী! অগ্নিগর্ভ হুগলিতে পিটিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো পাষণ্ড স্বামীর ঘর – এবেলা
এবেলা ডেস্কঃ
চুঁচুড়া: তিন-তিনটি বিয়ে লুকিয়ে চতুর্থবার সাতপাকে বাঁধা পড়েছিলেন পেশায় চালক দীপঙ্কর ব্যানার্জি। কিন্তু বিয়ের তিন বছর কাটতে না কাটতেই পণের লালসায় প্রাণ গেল আরও এক গৃহবধূর। শনিবার সকালে হুগলির কাপাসডাঙায় মৌমিতা চক্রবর্তীর ঝুলন্ত দেহ উদ্ধার হতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
হাওড়ার সাঁকরাইল থেকে আসা বাপের বাড়ির লোকজন ক্ষোভে ফেটে পড়ে অভিযুক্ত স্বামীর বাড়ি কার্যত ধুলোয় মিশিয়ে দিয়েছেন। অভিযোগ, বিয়ের পর থেকেই মৌমিতার ওপর চলত অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন। দফায় দফায় বাপের বাড়ি চলে গেলেও দীপঙ্কর বুঝিয়ে শুনিয়ে তাঁকে ফিরিয়ে আনত। শুক্রবার রাতেও বাবার সঙ্গে কথা বলেছিলেন মৌমিতা, আর শনিবার ভোরেই এল তাঁর মৃত্যুর খবর।
স্থানীয় কাউন্সিলর থেকে প্রতিবেশী— সকলেরই দাবি, দীপঙ্করের এটি চতুর্থ বিয়ে এবং এর আগেও একাধিকবার পণের দাবিতে অশান্তি করেছে সে। ঘটনার জেরে উত্তপ্ত এলাকা নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত স্বামীসহ পরিবারের সদস্যদের ইতিমধ্য়েই আটক করেছে চুঁচুড়া থানার পুলিশ।

