২০ দিনে তিনবার মূল্যবৃদ্ধি: আকাশছোঁয়া জ্বালানির দামে এবার অটো ভাড়া বৃদ্ধির পথে চালকরা – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে রাজ্যে জ্বালানি সংকটের পাশাপাশি অটোর এলপিজি গ্যাসের দাম এক মাসের ব্যবধানে লিটার প্রতি প্রায় ১৭ টাকা বৃদ্ধি পেয়েছে। গত ২০ দিনে তিনবার মূল্যবৃদ্ধির ফলে বৃহস্পতিবার গ্যাসের দাম ৭০ টাকা ৬৮ পয়সায় পৌঁছেছে। এই নজিরবিহীন পরিস্থিতিতে কলকাতা ও শহরতলির অটোচালকরা চরম সংকটে পড়েছেন। জ্বালানি সংগ্রহের জন্য পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় দৈনিক আয়ের সময়ও অর্ধেকের বেশি কমে যাচ্ছে বলে দাবি চালকদের।
জ্বালানির চড়া দাম ও জোগানের ঘাটতির কারণে সংসার চালানো দায় হয়ে পড়েছে বলে জানিয়েছেন টালিগঞ্জ ও উল্টোডাঙা অঞ্চলের চালকরা। ইউনিয়নগতভাবে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও, পরিস্থিতির চাপে অনেক জায়গাতেই যাত্রীদের কাছ থেকে বিক্ষিপ্তভাবে ২ থেকে ৫ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। চালকদের মতে, বর্তমান অগ্নিমূল্যের বাজারে টিকে থাকতে গেলে অটোর ভাড়া বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে শীঘ্রই ইউনিয়নের বৈঠক ডাকার প্রস্তুতি নিচ্ছেন চালক সংগঠনের প্রতিনিধিরা। জ্বালানির এই লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ যাত্রীদের পকেটেও টান ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। একদিকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ, অন্যদিকে বাড়তি দাম—এই দ্বিমুখী সমস্যায় দিশেহারা চালকরা এখন সরকারি হস্তক্ষেপ বা ভাড়া পুনর্নির্ধারণের দিকে তাকিয়ে আছেন। তারা স্পষ্ট জানিয়েছেন, দ্রুত সমাধান না মিললে যাতায়াত খরচ বাড়ানোই হবে একমাত্র পথ।

