শীতের আমেজ কলকাতায়! এক ধাক্কায় ১১ ডিগ্রি নামল পারদ, ভিজবে আরও কোন কোন জেলা? – এবেলা
এবেলা ডেস্কঃ
চৈত্রের দাবদাহ ভুলে ফের বের করতে হবে জ্যাকেট? কলকাতায় তাপমাত্রার পারদ পতনে সব রেকর্ড চুরমার! গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ১১ ডিগ্রি নিচে নেমে ২৩.২ ডিগ্রিতে ঠেকেছে। আলিপুর আবহাওয়া দফতরের এই পরিসংখ্যান দেখে রীতিমতো চোখ কপালে শহরবাসীর।
শনিবার রাত পর্যন্ত কলকাতায় প্রায় ১৯.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ রবিবারও কলকাতা ও সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই ২৪ পরগনায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের জেলাগুলোতে এই অকাল বৃষ্টির দুর্যোগ আরও কয়েকদিন বজায় থাকতে পারে।

