লেটেস্ট নিউজ

রণক্ষেত্রে বাজিমাত করতে প্রস্তুত ভারতীয় সেনার ড্রোন ওয়ারিয়ররা – এবেলা

এবেলা ডেস্কঃ

আধুনিক যুদ্ধে ড্রোন এখন সবথেকে বড় গেম চেঞ্জার। রাশিয়া-ইউক্রেন সংঘাত হোক বা মধ্যপ্রাচ্যের লড়াই, ড্রোনের দাপট দেখছে বিশ্ব। এই বদলে যাওয়া যুদ্ধকৌশলের সঙ্গে তাল মেলাতে ভারতীয় সেনাবাহিনী তৈরি করছে ড্রোন ওয়ারিয়র। পাকিস্তান সীমান্তে অপারেশন সিন্ধুর সময় ড্রোন ব্যবহারের মাধ্যমে ভারত ইতিমধ্যেই নিজের সক্ষমতা প্রমাণ করেছে।

সেনাবাহিনীর নতুন লক্ষ্য হলো প্রতিটি জওয়ানকে ড্রোন অপারেটর হিসেবে গড়ে তোলা। ইনফ্যান্ট্রি ইউনিটগুলোতে প্রাথমিক প্রশিক্ষণ শেষ হওয়ার পর এখন শুরু হয়েছে অ্যাডভান্স ট্রেনিং। এর মাধ্যমে বিশেষ অপারেশন, নজরদারি এবং শত্রুপক্ষের ড্রোন ধ্বংস করার কৌশল শেখানো হচ্ছে। এই মিশনের নাম দেওয়া হয়েছে ইগল ইন দ্য আর্ম।

পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে অশনি প্লাটুন নামে একটি বিশেষ ড্রোন ইউনিট গঠন করা হয়েছে। ইতিমধ্যেই ৩৮০টি ব্যাটালিয়নে এই ইউনিট সক্রিয়। শুধু আক্রমণ নয়, নজরদারি থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে ওষুধ পৌঁছে দেওয়া বা আহত জওয়ানদের উদ্ধারেও ব্যবহার হবে এই প্রযুক্তি। ২০২৭ সালের মধ্যে পদাতিক বাহিনীর প্রতিটি সেনাকে ড্রোনে পারদর্শী করে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত। আইএমএ এবং ওটিএ-র মতো প্রথম সারির সামরিক প্রতিষ্ঠানগুলোতেও শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ। এই পদক্ষেপ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *