লেটেস্ট নিউজ

ইরানের অবরোধে কাঁপছে বিশ্ব, হরমোজ প্রণালীতে দাপিয়ে বেড়াচ্ছে ভারতের জাহাজ – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বিশ্বজুড়ে বড় ধরনের জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকা ও তার সহযোগী দেশগুলোর সঙ্গে ইরানের সংঘাতের জেরে বর্তমানে কার্যত অচল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমোজ প্রণালী’। মার্চ মাসের শুরু থেকে ইরান এই জলপথে অঘोषित অবরোধ জারি করায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়ার উপক্রম হয়েছে। সাধারণ মানুষের পকেটে টান পড়ার এই চরম উদ্বেগের মাঝেই বিশ্বমঞ্চে ভারতের কূটনৈতিক জয়জয়কার দেখা যাচ্ছে।

বিশ্বের মোট তেল ও গ্যাসের চাহিদার প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই হরমোজ প্রণালী দিয়েই সরবরাহ করা হয়। বর্তমানে ইরান এই পথটি আমেরিকা ও তার মিত্রদের জন্য রুদ্ধ করে দিলেও ভারতের জন্য তা অবারিত রেখেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ১ থেকে ১৫ মার্চের মধ্যে এই পথে মাত্র ৯০টি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। যেখানে বড় বড় দেশগুলো নিজেদের জাহাজ বের করতে হিমশিম খাচ্ছে, সেখানে ভারতের দুটি এলপিজি ট্যাঙ্কার অত্যন্ত নিরাপদে পশ্চিম ভারতের বন্দরের দিকে রওনা দিয়েছে।

ভারতের এই ‘ভিআইপি’ এন্ট্রি মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যকার সফল আলোচনার ফসল। জানা গেছে, ১২ মার্চ দুই রাষ্ট্রপ্রধানের বিশেষ বার্তার পরই ভারতের জাহাজ চলাচলের পথ প্রশস্ত হয়। বর্তমানে ‘পাইন গ্যাস’ এবং ‘জগ বসন্ত’ নামের আরও দুটি ভারতীয় ট্যাঙ্কার শারজার কাছ থেকে এই জলপথ অতিক্রম করার প্রস্তুতি নিচ্ছে। ভারতের পাশাপাশি চীন ও পাকিস্তানকেও নির্দিষ্ট শর্তে এই সুবিধা দিয়েছে ইরান। তবে তুরস্কের ১৫টি জাহাজের মধ্যে মাত্র একটিকে অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে জাপান, ফ্রান্স, ইতালি এবং দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দেশগুলো এখনও তাদের জাহাজ বের করার জন্য তেহরানের কাছে তদ্বির চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *