লেটেস্ট নিউজ

হিসাব বহির্ভূত সাড়ে সাত লক্ষ টাকা উদ্ধার: বর্ধমান স্টেশনে পুলিশের জালে লটারি কর্মী – এবেলা

এবেলা ডেস্কঃ

বর্ধমান জিআরপি পুলিশ এবং আরপিএফের যৌথ অভিযানে বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ নীলকমল মুখোপাধ্যায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় আরপিএফ তাকে আটক করে। তল্লাশিতে তার পিঠের ব্যাগ থেকে মোট ৭ লক্ষ ৫৩ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়। রাজ্যে নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় এত পরিমাণ নগদ অর্থের উৎস নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজেকে একটি লটারি সংস্থার কর্মী হিসেবে দাবি করেন এবং জানান যে ব্যবসার টাকা নিয়ে তিনি মেমারি যাচ্ছিলেন। তবে তৎক্ষণাৎ বৈধ কোনো নথিপত্র দেখাতে না পারায় আরপিএফের সাব ইনসপেক্টর নবীনকুমার সিংয়ের অভিযোগের ভিত্তিতে জিআরপি মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে। লটারি ব্যবসার আড়ালে এই বিপুল অর্থ পাচার করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে রেল পুলিশ।

গ্রেপ্তারের পর অভিযুক্তকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে লটারি সংস্থার মালিক প্রয়োজনীয় আয়কর ও ব্যবসার নথি উপস্থাপন করেন। আদালতের কাছে হলফনামা দিয়ে জানানো হয় যে ধৃত ব্যক্তি ওই সংস্থার বৈধ কর্মী। উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে আদালত শর্তাধীন জামিন মঞ্জুর করেছে। আগামী ১৯ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এবং ওই দিন অভিযুক্তকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *