শাশুড়িকে নৃশংস খুন, সিসিটিভি বন্ধ করেও শেষরক্ষা হলো না ঘাতক বউ ও প্রেমিকের – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের নিশান্তগঞ্জে ঘটে গেল এক হাড়হিম করা হত্যাকাণ্ড। ৬৯ বছর বয়সি বৃদ্ধা নির্মলা দেবীকে তাঁর নিজের বাড়িতেই হাত-পা বেঁধে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই রোমহর্ষক ঘটনার নেপথ্যে উঠে এসেছে খোদ বাড়ির বড় বউ রঞ্জনা এবং তাদের ভাড়াটে প্রেমিক রাজন শর্মার নাম।
শনিবার বিকেলে নির্মলা দেবীর নাতি বাড়ি ফিরে দাদির নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তদন্তে নেমে পুলিশ দেখে, দুপুর ২টো থেকে ৪টের মধ্যে বাড়ির সিসিটিভি ক্যামেরাটি পরিকল্পিতভাবে বন্ধ করে রাখা হয়েছিল। ঘাতক রাজন পুলিশের সঙ্গে মিশে তদন্তে সাহায্য করার নাটক করলেও শেষরক্ষা হয়নি। পুলিশের স্নিফার ডগ (তদন্তকারী কুকুর) সরাসরি রাজনের কাছে গিয়ে থমকে দাঁড়ায়, যা দেখে সে ঘাবড়ে গিয়ে কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করে। এই সূত্র ধরেই বেরিয়ে আসে আসল সত্য।
জেরায় জানা যায়, বউ রঞ্জনা ও ভাড়াটে রাজনের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। শাশুড়ি নির্মলা দেবী এই সম্পর্কের তীব্র বিরোধিতা করতেন এবং বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। সেই আক্রোশ থেকেই দুজনে মিলে সুযোগ বুঝে বৃদ্ধাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। বর্তমানে পুলিশ ঘাতক বউ ও তার প্রেমিককে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নিচ্ছে।

