কেরলের ৭০ শতাংশ বিদায়কের বিরুদ্ধে অপরাধমূলক মামলা, এডিআর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
কেরল বিধানসভা নির্বাচনের আবহে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)-এর সাম্প্রতিক রিপোর্ট রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, কেরলের ১৩২ জন বিদায়ী বিধায়কের মধ্যে ৯২ জনের নামেই রয়েছে বিভিন্ন অপরাধমূলক মামলা। চাঞ্চল্যকর বিষয় হলো, এই অভিযুক্ত বিধায়কদের অন্তত অর্ধেকই কোটিপতি। শাসক ও বিরোধী উভয় শিবিরের প্রতিনিধিদের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ উঠেছে।
পরিসংখ্যান অনুযায়ী, অভিযুক্ত ৯২ জন বিধায়কের মধ্যে ৩৩ জনের বিরুদ্ধে খুন বা খুনের চেষ্টার মতো গুরুতর মামলা রয়েছে। এছাড়া দুজন বিধায়কের বিরুদ্ধে নারীঘটিত অপরাধ এবং একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। দলগতভাবে সিপিএমের ৫৮ জন প্রার্থীর মধ্যে ৪৩ জন এবং কংগ্রেসের ২১ জন বিধায়কের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা আছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
নির্বাচনি উত্তাপের মধ্যেই বিজেপি তাদের ৩৯ জনের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় আরনমুলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মিজোরামের প্রাক্তন রাজ্যপাল তথা প্রবীণ বিজেপি নেতা কুম্মানাম রাজশেখরণের নাম ঘোষণা করা হয়েছে। রাজ্যের বিদায়ী জনপ্রতিনিধিদের বড় অংশের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

