লেটেস্ট নিউজ

এবার কি আধা ভরা সিলিন্ডারেই সারতে হবে রান্না? মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকটে মোড় ঘোরানো পথে সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ

রান্নার গ্যাসের তীব্র আকাল সামলাতে একগুচ্ছ বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। ইরান-ইজরায়েল যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় এবার ঘরোয়া এলপিজি সিলিন্ডারের ওজন কমানোর পথে হাঁটতে পারে পেট্রোলিয়াম মন্ত্রক।

সিলিন্ডারের ওজন ও নিয়মে বড় রদবদল

সূত্রের খবর, ১৪.২ কেজির পরিবর্তে এখন থেকে ৭ বা ১০ কেজির সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা ভাবছে সরকার। এমনকি ১০ কেজির ফাইবার সিলিন্ডারে মিলতে পারে মাত্র ৫ কেজি গ্যাস। ওজনের অনুপাতেই নির্ধারিত হবে দাম। তবে সিলিন্ডারের ওজন কমলেও বুকিংয়ের ব্যবধান কমছে না। শহরাঞ্চলে ২৫ দিন এবং গ্রামাঞ্চলে ৪৫ দিনের পুরনো নিয়মই বহাল থাকছে।

কেন এই পরিস্থিতি?

বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস যে হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যুদ্ধের কারণে তা এখন কার্যত অবরুদ্ধ। ফলে ভারতে গ্যাস আমদানিতে টান পড়েছে। এই ঘাটতি মেটাতে ঘরোয়া শোধনাগারগুলিতে উৎপাদন ৩৮ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি রেস্তরাঁ, হোটেল ও শিল্পের জন্য বাণিজ্যিক সিলিন্ডারের কোটা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে।

ভরসা এখন আমেরিকা

মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমাতে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছে ভারত। ইতিবাচক খবর এই যে, টেক্সাস থেকে গ্যাস নিয়ে আসা বিশেষ জাহাজ ‘পিক্সিস পায়োনিয়ার’ ইতিমধ্যেই ম্যাঙ্গালুরু বন্দরে নোঙর করেছে। চলতি মাসের শেষ দিকে আরও দুটি বিশাল গ্যাসবাহী জাহাজ আসার কথা রয়েছে। তবে পরিস্থিতির গুরুত্ব বিচার করে রান্নার গ্যাসের দাম ফের বাড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *