শিয়ালদহ ডিভিশনের সবথেকে নোংরা স্টেশন আসলে কোনটি? নাম জানলে কপালে উঠবে চোখ – এবেলা
এবেলা ডেস্কঃ
পরিচ্ছন্নতা অভিযানে নেমে কার্যত চক্ষু চড়কগাছ পূর্ব রেলের আধিকারিকদের। শিয়ালদহ ডিভিশনের এক একটি স্টেশন থেকে উদ্ধার হয়েছে টন টন আবর্জনা। সম্প্রতি এনভায়রনমেন্ট অ্যান্ড হাউসকিপিং ম্যানেজমেন্ট বিভাগের চালানো এই অভিযানে ২৫ হাজার বর্গফুটেরও বেশি এলাকা থেকে প্রায় ৪০০ টনের বেশি আবর্জনা পরিষ্কার করা হয়েছে।
রেলের দেওয়া তথ্য অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনের সবথেকে অপরিষ্কার স্টেশনের তালিকায় নাম উঠে এসেছে সন্তোষপুর এবং বাঘা যতীনের। এই দুটি স্টেশনের ৪ হাজার বর্গফুট এলাকা থেকে ১০০ টন করে আবর্জনা সরানো হয়েছে। তুলনায় খোদ শিয়ালদহ স্টেশন থেকে ওই একই পরিমাণ এলাকা থেকে মিলেছে ৫০ টন বর্জ্য। এছাড়া মগরাহাট থেকে ৩৫ টন, পাতিপুকুর ও টালা থেকে ৩০ টন এবং বিধাননগর ও কলকাতা স্টেশন থেকে ২০ টন করে জঞ্জাল সাফ করা হয়েছে। তালিকায় রয়েছে লেকগার্ডেন, সোদপুর, সোনারপুর এবং হালিশহরের মতো স্টেশনও।
সবচেয়ে বড় উদ্ধারকাজ চলেছে সন্তোষপুর স্টেশনে। সেখানকার স্থানীয় বাজারের বর্জ্যে স্টেশনে যাওয়ার রাস্তাটি কার্যত চাপা পড়ে গিয়েছিল। বর্জ্য সরানোর পাশাপাশি ভবিষ্যতে সেখানে আবর্জনা ফেলা রুখতে বেড়া দেওয়া হচ্ছে এবং গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে রেল। পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, রেল চত্বরকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা বন্ধ করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

