লেটেস্ট নিউজ

জ্বালানি সংকট: ছোট সিলিন্ডারে রান্নার গ্যাস সরবরাহের কথা ভাবছে কেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে ভারতেও এলপিজি আমদানিতে টান পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ঘরোয়া গ্যাস সিলিন্ডারের ওজন কমিয়ে সরবরাহ স্বাভাবিক রাখার পরিকল্পনা করছে। বর্তমানের ১৪.২ কেজি সিলিন্ডারের পরিবর্তে ৭ বা ১০ কেজি এবং ছোট প্লাস্টিক সিলিন্ডারে ৫ কেজি গ্যাস ভরে সরবরাহের প্রাথমিক আলোচনা চলছে।

জ্বালানি সাশ্রয়ে সরকার সিলিন্ডার বুকিংয়ের ব্যবধানও বাড়িয়েছে। এখন থেকে শহরাঞ্চলে ২৫ দিন এবং গ্রামাঞ্চলে ৪৫ দিন অন্তর সিলিন্ডার বুক করা যাবে। তবে শোধনাগারগুলিতে উৎপাদন ৩৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবং বাণিজ্যিক ক্ষেত্রে সরবরাহ ২০ শতাংশ বাড়ানো হয়েছে। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গ্যাসের পরিমাণ কমানো হলেও সিলিন্ডারের দাম নির্ধারিত হবে ওজনের ভিত্তিতেই।

আমদানির বিকল্প উৎস হিসেবে ভারত এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা বাড়াচ্ছে। টেক্সাস থেকে ‘পিক্সিস পায়োনিয়ার’ সহ একাধিক জাহাজ ইতিমধ্যে ভারতীয় বন্দরে গ্যাস নিয়ে পৌঁছাতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেট্রোলিয়াম মন্ত্রক তৎপর থাকলেও আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় রান্নার গ্যাসের দাম আরও বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত সরবরাহ ব্যবস্থা সচল রাখাই সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *