‘আমি তোলা তুলতে পারি না তাই টিকিট নেই’, রাজনীতি ছাড়ার ঘোষণায় চোখে জল মঞ্জু বসুর – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ নির্বাচনের আগে বড়সড় ধাক্কা ঘাসফুল শিবিরে। টিকিট না পেয়ে অভিমানে রাজনীতি থেকেই বিদায় নিলেন নোয়াপাড়ার বিদায়ী বিধায়ক মঞ্জু বসু। প্রকাশ্য মঞ্চে অপমানের অভিযোগ তুলে বিস্ফোরক এই নেত্রী।
ক্ষোভ ও অপমানের ইতিবৃত্ত
তৃণমূলের প্রার্থী তালিকায় নিজের নাম না দেখে ভেঙে পড়েছেন মঞ্জু দেবী। তাঁর দাবি, তাঁকে আগে জানানো হলে তিনি সসম্মানেই সরে দাঁড়াতেন। ২০০০ সালে স্বামী বিকাশ বসুর খুনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁকে ঘর থেকে বের করে রাজনীতিতে এনেছিলেন। আজ সেই দলের বিরুদ্ধেই একরাশ অবহেলা আর আসাম্মানের অভিযোগ তাঁর।
বিস্ফোরক তোলবাজি তত্ত্ব
কেন বাদ পড়লেন? এই প্রশ্নে মঞ্জু বসুর শাণিত জবাব, “সম্ভবত অন্যরা যা করছে (তোলা তোলা) তা আমি করতে পারি না, তাই আজ আর দলের আমাকে প্রয়োজন নেই।” দুর্নীতির দিকে ইঙ্গিত করেই তাঁর এই তির্যক মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।
কান্নায় ভেজা বিদায়
গতবার ৯৪ হাজার ভোটে জেতা এই বিধায়ক এবার টিকিট পাননি। তাঁর জায়গায় নোয়াপাড়ায় প্রার্থী হয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। স্বামীর খুনিদের সাজা দিতে না পারার আক্ষেপ আর দলের প্রতি একরাশ অভিমান নিয়ে অশ্রুসিক্ত নয়নে রাজনৈতিক জীবনের যবনিকা টানলেন মঞ্জু বসু।

