ইজরায়েলে ২০০ নিথর দেহ আর ট্রাম্পের ভয়ঙ্কর হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্যে কি তবে মহাপ্রলয় আসন্ন – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের বিধ্বংসী রকেট হামলায় তছনছ ইজরায়েলের একাধিক শহর। বিপ্লবী গার্ড বাহিনীর দাবি অনুযায়ী ডিমোনা থেকে ইলাত পর্যন্ত পর পর আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র, যার বলি হয়েছেন অন্তত ২০০ জন। এই রক্তক্ষয়ী আবহে দাবার চাল বদলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র ২৪ ঘণ্টা আগেই যেখানে শান্তির বার্তা দিচ্ছিলেন, সেখানেই আচমকা সুর বদলে তেহরানকে বিদ্যুৎহীন করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিলেন তিনি।
ট্রাম্পের স্পষ্ট হুঁশিয়ারি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পথ স্বাভাবিক না হলে চরম মূল্য দিতে হবে ইরানকে। পাল্টাও দিয়েছে তেহরান। তাদের দাবি, ইরানের বিদ্যুৎকেন্দ্রে আঘাত এলে ইজরায়েল ও আরব দুনিয়ার মার্কিন মিত্র দেশগুলোর পানীয় জল শোধনাগার ধ্বংস করে দেওয়া হবে। দুই পক্ষই এখন সাধারণ মানুষের জীবনকে হাতিয়ার করে যুদ্ধের নীল নকশা সাজাচ্ছে।
এই সংঘাতের মূলে রয়েছে বিশ্ব তেলের বাজারে অস্থিরতা। গত সপ্তাহে ইজরায়েলের হামলার পাল্টা হিসেবে কাতারের তেল ভান্ডারে ইরানের আঘাত মার্কিন অর্থনীতিতে ধস নামিয়েছিল। ব্যারেল প্রতি তেলের দাম ১২০ ডলার ছুঁতেই ট্রাম্প নড়েচড়ে বসেন। কিন্তু ইজরায়েলে সাম্প্রতিক প্রাণহানির পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন খাদের কিনারায়। শান্তি নাকি সর্বাত্মক যুদ্ধ, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

