পশ্চিমবঙ্গ ভোটার তালিকা: সোমবার প্রকাশিত হচ্ছে ৬০ লক্ষ ‘বিচারাধীন’ নামের প্রথম তালিকা – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ায় ‘বিচারাধীন’ থাকা ৬০ লক্ষেরও বেশি নামের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, যাচাই প্রক্রিয়া শেষে সোমবার রাত ৮টার মধ্যে প্রথম পরিপূরক তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যেই বিচার বিভাগীয় আধিকারিকরা প্রায় ২৭ লক্ষ মামলার নিষ্পত্তি করেছেন। এই তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নবান্ন ও নির্বাচন কমিশন উচ্চপর্যায়ের বৈঠক সেরেছে।
কমিশন জানিয়েছে, যাদের নাম এই পরিপূরক তালিকায় থাকবে না, তারা ট্রাইব্যুনালে অনলাইন বা অফলাইনে আপিল করার সুযোগ পাবেন। এজন্য ১৯টি বিশেষ আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আবেদনকারীরা ইসি নেট (ECINET) পোর্টালের মাধ্যমে অনলাইনে অথবা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে অফলাইনে আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়ার জন্য নতুন কোনো নথি বা আইনজীবীর প্রয়োজন হবে না; পূর্বের জমা দেওয়া নথির ভিত্তিতেই পুনর্বিচার করা হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং রাজ্যের মুখ্যসচিব পৃথকভাবে বৈঠক করেছেন। জেলাশাসক ও পুলিশ প্রশাসনকে স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, বুথ স্তরের আধিকারিকরা (বিএলও) সাধারণ ভোটারদের এই আপিল প্রক্রিয়ায় সহায়তা করার প্রস্তুতি নিচ্ছেন। তালিকায় নাম না থাকলে ভোটাররা বিএলও-দের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।

