লেটেস্ট নিউজ

চিনকে টেক্কা দিয়ে ভারতে পৌঁছাল রুশ তেলের বিশাল ট্যাঙ্কার! মোদী সরকারের বড় কূটনৈতিক জয় – এবেলা

এবেলা ডেস্কঃ

হোরমুজ প্রণালীতে চরম উত্তেজনার মাঝেই ভারতের জন্য এল স্বস্তির খবর। রাশিয়ার যে অপরিশোধিত তেল চিনের দিকে যাচ্ছিল, তা মাঝপথেই ঘুরিয়ে ভারতের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় রাশিয়ার তেলবাহী প্রথম ট্যাঙ্কার ‘অ্যাকুয়া টাইটান’ কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর বন্দরে এসে পৌঁছেছে। এটি সেই সাতটি জাহাজের মধ্যে প্রথম, যেগুলি মূলত চিনে যাওয়ার কথা ছিল কিন্তু এখন ভারতের বন্দরে নোঙর করবে।

আমেরিকা ভারতকে রাশিয়ার থেকে তেল কেনার ক্ষেত্রে ৩০ দিনের বিশেষ ছাড় দেওয়ার পরপরই এই নাটকীয় পরিবর্তন ঘটে। জানুয়ারির শেষে বাল্টিক সাগর থেকে চিনের রিজাও বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া এই জাহাজটি মার্চের মাঝপথে হঠাৎ গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে ঘুরে যায়। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে হোরমুজ প্রণালী বন্ধ হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা মোকাবিলায় ভারত দ্রুত এই পদক্ষেপ নিয়েছে। ভারতের প্রায় ৪০-৫০ শতাংশ জ্বালানি তেল এই রুট দিয়ে আসে।

শিপ-ট্র্যাকিং সংস্থা ভরটেক্সা (Vortexa) জানিয়েছে, ভারতের তেল আমদানির চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই জাহাজগুলোর অভিমুখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৫ মার্চের মধ্যে গুজরাটের সিক্কা বন্দরে পৌঁছাতে পারে দ্বিতীয় ট্যাঙ্কার ‘জুজু এন’। এছাড়া আমেরিকা থেকে এলপিজি নিয়ে ‘পিক্সিস পায়োনিয়ার’ জাহাজটিও ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছেছে, যা রান্নার গ্যাসের সংকট মেটাতে সাহায্য করবে। কূটনৈতিক মহলের মতে, বিশ্বজুড়ে চলা জ্বালানি সংকটের মধ্যে এটি ভারতের জন্য এক বিশাল কৌশলগত বিজয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *