লেটেস্ট নিউজ

নিরাপত্তা শঙ্কায় দর্শকশূন্য গ্যালারিতে পাকিস্তান সুপার লিগ – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার অস্থিরতা ও লাগাতার হামলার আশঙ্কায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিদেশি খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ফলে এবার টুর্নামেন্টের কোনো জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান হবে না।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টটি পূর্বে নির্ধারিত ছয়টি শহরের পরিবর্তে শুধুমাত্র করাচি ও লাহোরে অনুষ্ঠিত হবে। পাকিস্তান সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পর জানানো হয়েছে, স্টেডিয়ামে হাজার হাজার মানুষের সমাগম এড়াতেই এই কঠোর পদক্ষেপ। উদ্ভূত পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট বিবেচনা করে স্কুল বন্ধ রাখা এবং বাড়ি থেকে কাজ করার নির্দেশও জারি করা হয়েছে।

পিএসএল ২০২৬-এ এবার আটটি দল মোট ৪৪টি ম্যাচে অংশ নেবে। বোর্ড জানিয়েছে, টিকিট কেনা দর্শকদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে অর্থ ফেরত দেওয়া হবে এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে এই আসর সমাপ্ত হওয়ার কথা রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যালারিতে দর্শকদের প্রবেশের অনুমতি মিলবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *