লক্ষ্য নন্দীগ্রাম: পাথুরপ্রতিমায় প্রচার শুরু করে শুভেন্দুর গড়ে যাচ্ছেন অভিষেক – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ২৪ মার্চ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় এক জনসভার মাধ্যমে আসন্ন বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে চলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই তাঁর গন্তব্য পূর্ব মেদিনীপুরের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। এবারের প্রার্থী নির্বাচনে অভিষেকের বিশেষ ভূমিকা থাকায় নন্দীগ্রামের এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
নন্দীগ্রাম কেন্দ্রটি রাজ্য রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে। গত নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন। এবার তৃণমূলের বাজি পবিত্র কর, যিনি একসময় শুভেন্দুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। শাসকদলের মতে, নন্দীগ্রাম কেবল একটি কেন্দ্র নয়, এটি আন্দোলনের আবেগের জায়গা। তাই এই আসনটি পুনর্দখল করতে এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে তৃণমূল নেতৃত্ব।
পাথরপ্রতিমা ও নন্দীগ্রাম সফরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দাসপুর, কেশিয়াড়ি ও নারায়ণগড়েও একাধিক জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে অন্তত একটি করে সভা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রচারের শুরু থেকেই আক্রমণাত্মক কৌশল গ্রহণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী শিবিরের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন, যা এবারের নির্বাচনে দ্বৈরথকে আরও তীব্র করে তুলবে।

