লেটেস্ট নিউজ

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের বরাদ্দ বেড়ে ৫০ শতাংশ, স্বস্তিতে হোটেল ও রেস্তরাঁ মালিকরা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মাঝে স্বস্তির খবর শোনাল কেন্দ্রীয় সরকার। ইরানের হাতে অবরুদ্ধ হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে দুটি এলপিজি ট্যাঙ্কার পৌঁছানোয় বাণিজ্যিক সিলিন্ডারের বরাদ্দ আরও ২০ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে বাণিজ্যিক গ্যাসের মোট বরাদ্দ যুদ্ধ-পূর্ববর্তী সময়ের তুলনায় ৫০ শতাংশে গিয়ে পৌঁছাল। সরকারের এই সিদ্ধান্তে হোটেল, রেস্তরাঁ ও কমিউনিটি কিচেন মালিকদের দীর্ঘদিনের দুশ্চিন্তা লাঘব হবে বলে মনে করা হচ্ছে।

জ্বালানি সংকট মোকাবিলায় এর আগে গৃহস্থালির সিলিন্ডার সরবরাহকে অগ্রাধিকার দিয়ে বাণিজ্যিক ক্ষেত্রে কাটছাঁট করেছিল নয়াদিল্লি। বর্তমানে পরিস্থিতি পর্যালোচনার পর ধাপে ধাপে সরবরাহ স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, অতিরিক্ত এই বরাদ্দ পেতে সংশ্লিষ্ট বাণিজ্যিক সংস্থাগুলোকে তেল সংস্থাগুলির সঙ্গে চুক্তি করতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের লক্ষ্যে তাদের পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজি সংযোগের জন্য আবেদন করতে বলা হয়েছে।

সরকার জানিয়েছে, দেশে রান্নার গ্যাসের সরবরাহ বর্তমানে স্বাভাবিক হওয়ার পথে। যুদ্ধের সুযোগ নিয়ে বাজারে কৃত্রিম সংকট ও কালোবাজারি রুখতে দেশজুড়ে ৩,৫০০-র বেশি অভিযান চালিয়েছে প্রশাসন। এই অভিযানে প্রায় ১,৪০০টি অবৈধ সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। সাধারণ মানুষের পরিষেবা নিশ্চিত করার পাশাপাশি বাণিজ্যিক খাদ্য সরবরাহ কেন্দ্রগুলোতে জ্বালানি পৌঁছাতে রাজ্যগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *