অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ২৩ মার্চ সোমবার রাজ্য নির্বাচন কমিশন বিচারাধীন ভোটারদের নিষ্পত্তির পর প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করতে চলেছে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারকে বিচারাধীন হিসেবে রাখা হয়েছিল। সোমবার সন্ধ্যায় এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর প্রতিটি কেন্দ্রে ভিড় এবং উত্তেজনার সম্ভাবনা তৈরি হয়েছে।
সম্ভাব্য অশান্তি এড়াতে নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে ইতিমধ্যেই সমস্ত জেলাশাসককে সতর্কবার্তা পাঠানো হয়েছে। চিঠিতে বিশেষ করে সংবেদনশীল এলাকাগুলোতে কড়া নজরদারি এবং ভিড় নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনোভাবেই অবনতি না ঘটে, তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পরিকাঠামোগত প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছে রাজ্য।
শান্তি বজায় রাখতে জেলাশাসকদের পাশাপাশি পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী সপ্তাহেও দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। কমিশনের ইঙ্গিত অনুযায়ী, প্রতি শুক্রবার ধাপে ধাপে এই তালিকা প্রকাশ হতে পারে, যা ঘিরে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

