মেয়ের বিচার ও নারী সুরক্ষায় পদ্মপ্রার্থী অভয়ার মা, জলহাটিতে লড়াইয়ের ঘোষণা – এবেলা
এবেলা ডেস্কঃ
আরজি কর কাণ্ডের দেড় বছর অতিক্রান্ত হলেও অধরা পূর্ণাঙ্গ বিচার, এই অভিযোগ তুলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে জলহাটি আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা করলেন অভয়ার মা। দোষী সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হলেও নিম্ন আদালতের রায়ে সন্তুষ্ট নয় পরিবার। অভয়ার মায়ের দাবি, কেবল মেয়ের বিচার নয়, বরং বাংলার নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটিয়ে শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করার সাহস জোগানোই তাঁর মূল রাজনৈতিক লক্ষ্য।
তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে অভয়ার বাবা-মা জানান, তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মেয়েকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। শাসকদলের ‘দুর্নীতি ও অপশাসন’ উপড়ে ফেলতেই তাঁরা বিজেপির হাত ধরেছেন। সিবিআই তদন্ত প্রসঙ্গে তাঁদের যুক্তি, কেন্দ্রীয় সংস্থা নিরপেক্ষ হলেও স্থানীয় তদন্তকারী আধিকারিকরা রাজ্য সরকারের দ্বারা প্রভাবিত হয়েছেন। তাঁদের বিশ্বাস, বর্তমান অরাজকতা দূর করে বাংলায় শান্তি ফেরাতে একমাত্র ভারতীয় জনতা পার্টিই সক্ষম।
একদা আন্দোলনের সঙ্গী বামপ্রার্থী কলতান দাশগুপ্তের বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে অভয়ার মা জানান, ব্যক্তিগত সম্পর্কের চেয়ে মেয়ের আর্তনাদ ও বাংলার মেয়েদের সুরক্ষা তাঁর কাছে অনেক বেশি অগ্রাধিকার পায়। রাজনীতির আঙিনায় পা রাখলেও আদালতের ওপর আস্থা হারাচ্ছেন না তাঁরা। অভয়ার মায়ের সাফ কথা, বিচার আদালতেই মিলবে, তবে বিধায়ক হিসেবে তাঁর প্রধান কাজ হবে প্রতিটি মেয়ের জন্য অতন্দ্র প্রহরীর মতো পাশে থাকা এবং সামাজিক পরিবর্তন আনা।

