মাটিগাড়া-নকশালবাড়িতে ভোটপ্রচারে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন – এবেলা
এবেলা ডেস্কঃ
মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বর্তমান বিধায়ক আনন্দময় বর্মন শনিবার নকশালবাড়িতে নির্বাচনী প্রচারে বেরিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন। নকশালবাড়ি হাসপাতাল মোড়ে প্রচার চলাকালীন অভিজিৎ ঘোষ নামে এক ব্যক্তি বিধায়কের পাঁচ বছরের কাজের খতিয়ান নিয়ে প্রশ্ন তোলেন। ওই বাসিন্দার দাবি, এলাকায় রাস্তা ও নালার যা উন্নয়ন হয়েছে তা শিলিগুড়ি মহকুমা পরিষদ করেছে, বিধায়ককে গত পাঁচ বছরে দেখা যায়নি।
পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত এলাকা ত্যাগ করেন আনন্দময় বর্মন। পরে তিনি দাবি করেন, প্রশ্নকর্তা আসলে তৃণমূলের একনিষ্ঠ কর্মী এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই বিক্ষোভ দেখানো হয়েছে। বিজেপি প্রার্থীর দাবি, সাধারণ মানুষের বিপুল সমর্থন তাদের সঙ্গেই রয়েছে এবং আগামী নির্বাচনে তিনি লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবেন।
পাল্টা প্রতিক্রিয়ায় শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল কো-অর্ডিনেটর অরুণ ঘোষ জানান, বিধায়ক গত পাঁচ বছরে কী কাজ করেছেন তা ইস্তাহার আকারে প্রকাশ করলেই সত্য সামনে আসবে। সাধারণ ভোটাররা উন্নয়ন চান বলেই মহকুমা পরিষদের কাজের প্রশংসা করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ওই বিধানসভা এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।

