মাঝসমুদ্রে যুদ্ধ আর তৃষ্ণার লড়াই, মৃত্যুপুরী থেকে অবিশ্বাস্যভাবে ফিরল ভারতীয় জাহাজ – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে তখন মৃত্যুমিছিল। একদিকে ইজরায়েল-আমেরিকার হামলা, অন্যদিকে ইরানের পাল্টা গর্জন। ঠিক এই আগুনের গোলার মাঝখানেই ফেঁসে গিয়েছিল কাতার থেকে ভারতের উদ্দেশে রওনা দেওয়া একটি পণ্যবাহী জাহাজ। একে তো মাথার ওপর যুদ্ধের হুমকি, তার ওপর মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো বিকল হয়ে যায় জাহাজের জিপিএস সিস্টেম। দিকভ্রান্ত নাবিকদের সামনে তখন শুধুই অথৈ জলরাশি আর অনিশ্চয়তা।
সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়ায় পানীয় জল। ভাঁড়ারে মজুত খাবার মাসখানেক চললেও পানীয় জল ফুরিয়ে আসছিল দ্রুত। বড় মালবাহী জাহাজে ইঞ্জিন বন্ধ থাকলে জল তৈরির ক্ষমতা কমে যায়। নাবিকদের হাতে ছিল মাত্র ৭ থেকে ১০ দিনের আয়ু। ভারতের ডিজি শিপিং এবং নৌবাহিনীর নির্দেশে সংযুক্ত আরব আমিরাতের এক বন্দরে নোঙর ফেলে রুদ্ধশ্বাস অপেক্ষা শুরু হয়।
টানা ১০ দিন কার্যত মৃত্যুর প্রহর গোনার পর আসে সেই কাঙ্ক্ষিত বার্তা। ভারতীয় নৌবাহিনীর নিরলস পাহারা আর সরকারের কূটনৈতিক তৎপরতায় ১৩ মার্চ সবুজ সংকেত পায় জাহাজটি। ইরানের জলসীমা পেরিয়ে অবশেষে সুরক্ষিতভাবে দেশের মাটিতে পা রাখলেন ভারতীয় নাবিকরা। বিপদের সেই দিনগুলোর কথা মনে করে আজও শিউরে উঠছেন তাঁরা।

