বালিতে নাটকীয় মোড়! বিজেপিতে বিদ্রোহের মাঝেই মুখোমুখি দুই প্রতিপক্ষ প্রার্থী – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটের মুখে উত্তপ্ত বালি! একদিকে ক্ষুব্ধ কর্মীদের দলবদল আর অন্যদিকে দুই প্রার্থীর আলিঙ্গন ঘিরে শোরগোল
বালি বিধানসভা কেন্দ্রে ভোটযুদ্ধের আগে এক নজিরবিহীন দৃশ্য ধরা পড়ল। একদিকে বিজেপি প্রার্থী সঞ্জয় সিংহের নাম ঘোষণা হতেই ক্ষোভ উগরে দিয়ে বহু পদ্ম শিবিরের কর্মী ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র নিজেই তাঁদের হাতে পতাকা তুলে দিয়ে প্রতিপক্ষের কড়া সমালোচনা করেন। তবে রাজনীতির এই তিক্ততা মুহূর্তেই বদলে যায় সৌজন্যে।
শনিবার সন্ধ্যায় বালির হনুমান মন্দিরে হঠাৎই মুখোমুখি হন দুই যুযুধান প্রার্থী। আক্রমণ ভুলে একে অপরকে জড়িয়ে ধরেন কৈলাস ও সঞ্জয়। তৃণমূল প্রার্থী এদিন বিজেপির সঞ্জয় সিংহের আশীর্বাদও চান। এই সৌজন্যের ছবি দেখে সাধারণ মানুষের মুখে এখন একটাই কথা— রাজনীতির লড়াই ময়দানে থাকলেও ব্যক্তিগত সৌজন্য অটুট বালিতে। একদিকে যখন ভাঙন ও বিক্ষোভে উত্তাল রাজনৈতিক মহল, ঠিক তখনই এই বিরল ভ্রাতৃত্বের ছবি নতুন মাত্রা যোগ করল বালির নির্বাচনী লড়াইয়ে।

