তীব্র আতঙ্কে কাঁপছে পাহাড়! সিকিমে আছড়ে পড়ল জোরালো ভূমিকম্প – এবেলা
এবেলা ডেস্কঃ
একদিকে বৃষ্টি ও তুষারপাত, তার মধ্যেই শনিবার রাতের অন্ধকারে কেঁপে উঠল পাহাড়। সিকিমের মঙ্গনকে কেন্দ্র করে ৪.১ মাত্রার এই ভূমিকম্পে তীব্র আতঙ্ক ছড়িয়েছে দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়িতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ৮টা ৪৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়, যার উৎসস্থল ছিল মাটির মাত্র ১৪ কিলোমিটার গভীরে। হঠাৎ মাটি কেঁপে ওঠায় হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা।
উদ্বেগের বিষয় হলো, গত তিন দিন ধরে টানা কাঁপছে হিমালয় সংলগ্ন এই অঞ্চল। গত ১৯ এবং ২০ মার্চও একাধিকবার মৃদু কম্পন অনুভূত হয়েছিল সিকিম ও গ্যাংটকে। ভূবিজ্ঞানীদের মতে, সিকিম ও উত্তরবঙ্গের এই এলাকাটি অত্যন্ত সংবেদনশীল ‘জোন-৫’-এর অন্তর্ভুক্ত। বারবার এই কম্পন কি বড় কোনো মহাপ্রলয়ের ইঙ্গিত, তা নিয়ে এখন বিশেষজ্ঞ মহলে বাড়ছে দুশ্চিন্তা।
শুধু পশ্চিমবঙ্গ বা সিকিম নয়, কম্পনের রেশ পৌঁছেছে মেঘালয়, আসাম এমনকি প্রতিবেশী রাষ্ট্র ভুটান ও নেপালেও। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় এখন পর্যটনের ভরা মরশুম, আর ঠিক এই সময়েই প্রকৃতির এমন রুদ্ররূপে রীতিমতো বিড়ম্বনায় পড়েছে প্রশাসন। বারবার ছোট ছোট কম্পন বা ‘আফটার শক’ জনমনে আতঙ্কের পারদ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

