হরমোজ প্রণালীতে দাদাগিরি ইরানের! প্রতিটি জাহাজ থেকে আদায় করা হচ্ছে লাখ লাখ ডলার মুক্তিপণ – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান ও ইজরায়েলের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি এখন এক ভয়ঙ্কর মোড় নিয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা উসকে দিয়ে এবার হরমোজ প্রণালীতে কার্যত ‘তোলাবাজি’ শুরু করেছে ইরান। আন্তর্জাতিক জলপথ দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোকে আটকে লাখ লাখ ডলার ট্রানজিট ফি বা মুক্তিপণ দাবি করছে তেহরান। ইরানি সংসদীয় কমিটির এক সদস্যের এই চাঞ্চল্যকর দাবিতে রীতিমতো শোরগোল পড়ে গেছে বিশ্বজুড়ে।
দীর্ঘদিন ধরেই হরমোজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছিল ইরান। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়েই সরবরাহ করা হয়। ভারতসহ একাধিক দেশ এই পথের ওপর নির্ভরশীল। সম্প্রতি জানা গেছে, নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করতে এবং যুদ্ধের খরচ মেটাতে এই পথ দিয়ে যাওয়া জাহাজগুলোর কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছে ইরান। অথচ এর আগে রাষ্ট্রসংঘে ইরান দাবি করেছিল যে, শত্রু দেশ ছাড়া বাকি সবার জন্য এই পথ খোলা থাকবে। এখন তাদের এই দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ আন্তর্জাতিক মহল।
পরিস্থিতি বেগতিক দেখে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমোজ প্রণালী স্বাভাবিক না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি পরিকাঠামোয় বিধ্বংসী হামলা চালাবে আমেরিকা। পালটা হুমকি দিয়ে ইরানও জানিয়েছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করা হলে হরমোজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়া হবে। বর্তমানে দুই দেশের এই ‘ইঁদুর-বেড়াল’ দৌড়ে বিশ্ব অর্থনীতি এক গভীর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে।

