লেটেস্ট নিউজ

আসামে টিকিট বণ্টন নিয়ে বিজেপিতে তীব্র অন্তর্কলহ, দল ছাড়লেন বিধায়ক ও বর্ষীয়ান নেতারা – এবেলা

এবেলা ডেস্কঃ

আসামে বিধানসভা নির্বাচনের মুখে প্রার্থী তালিকা ঘোষণাকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। ৯০ জন প্রার্থীর নাম প্রকাশের পরই ব্রহ্মপুত্র থেকে বরাক উপত্যকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে দলীয় কোন্দল। দীর্ঘদিনের অনুগত নেতা ও বিধায়কদের বাদ দিয়ে দলবদলুদের প্রাধান্য দেওয়ায় ক্ষুব্ধ দলের একাংশ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার এই সিদ্ধান্তে দলের অভ্যন্তরে তৈরি হয়েছে অস্থিরতা।

বিহপুরীয়ার বিদায়ী বিধায়ক অমিয় কুমার ভুঁইয়া এবং প্রদেশ বিজেপির সহ-সভাপতি জয়ন্ত দাসের মতো প্রবীণ নেতারা ইস্তফা দিয়ে নির্দল হিসেবে লড়াইয়ের ঘোষণা করেছেন। জয়ন্ত দাসের অভিযোগ, মুখ্যমন্ত্রী ‘সনাতনী হিন্দু’র দোহাই দিয়ে বহিরাগতদের গুরুত্ব দিচ্ছেন এবং দলের পুরনো কর্মীদের অবহেলা করছেন। প্রদ্যুৎ বরদলৈয়ের মতো সদ্য কংগ্রেস ত্যাগীদের টিকিট দেওয়া নিয়ে তৈরি হয়েছে চরম অসন্তোষ।

বিজেপির এই তালিকায় বাদ পড়েছেন প্রাক্তন মন্ত্রী অতুল বরা ও সিদ্ধার্থ ভট্টাচার্যের মতো ১৯ জন বিধায়ক। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় নেতৃত্ব আসরে নামলেও ক্ষোভ প্রশমিত হয়নি। যদিও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই বিদ্রোহকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর মতে, নতুনদের সুযোগ করে দিতেই এই রদবদল করা হয়েছে এবং সবাইকে টিকিট দেওয়া কার্যত আসাম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *