২০২৬ চৈত্র নবরাত্রির অষ্টমী: জানুন তিথি, শুভ মুহূর্ত ও মাহাত্ম্য – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের চৈত্র নবরাত্রির মহাশক্তিদায়ী অষ্টমী তিথি পালিত হবে আগামী ২৬ মার্চ, বৃহস্পতিবার। পঞ্জিকা মতে, অষ্টমী তিথি ২৫ মার্চ দুপুর ১টা ৫০ মিনিটে শুরু হয়ে ২৬ মার্চ সকাল ১১টা ৪৯ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। উদয় তিথি অনুসারে ২৬ মার্চকেই অষ্টমীর মূল দিন হিসেবে গণ্য করা হচ্ছে। এদিন দেবী দুর্গার অষ্টম রূপ মা মহাগৌরীর আরাধনা করা হবে, যা ভক্তদের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে বলে বিশ্বাস করা হয়।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অষ্টমী তিথি ‘জয়া তিথি’ নামেও পরিচিত, যা শত্রুজয় এবং যেকোনো শুভ কাজে সাফল্যের জন্য অত্যন্ত ফলদায়ী। এই বিশেষ দিনে দেবী মহাগৌরীর পুজোর পাশাপাশি কুমারী পুজো এবং দুঃস্থদের অন্ন-বস্ত্র দান করার প্রথা প্রচলিত রয়েছে। শাস্ত্রমতে, এদিন শ্রী শ্রী দুর্গাসপ্তশতী পাঠ করলে এবং দেবীকে নারকেলের নৈবেদ্য অর্পণ করলে বিশেষ পুণ্য লাভ হয়।
এই তিথিতে পুজোর জন্য একাধিক শুভ মুহূর্ত রয়েছে। ২৬ মার্চ দুপুর ১২টা ৮ মিনিট থেকে ১২টা ৫৬ মিনিট পর্যন্ত ‘অভিজিৎ মুহূর্ত’ পুজোর জন্য শ্রেষ্ঠ সময়। এছাড়া সকাল ১১টা ১ মিনিট থেকে দুপুর ২টা ৩ মিনিটের মধ্যে বিভিন্ন শুভ যোগে মা মহাগৌরীর বন্দনা করা যাবে। নিষ্ঠাভরে এই তিথি পালন করলে ভক্তরা যেমন মানসিক শান্তি পান, তেমনই সাংসারিক বাধা-বিপত্তি থেকেও মুক্তি মেলে বলে ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে।

