লেটেস্ট নিউজ

আকাশ দীপের চোট, কেকেআর শিবিরে বিকল্প হিসেবে এলেন বিদর্ভের পেসার সৌরভ দুবে – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। কোমরের নিচের অংশে ‘স্ট্রেস রিঅ্যাকশনে’র কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন পেসার আকাশ দীপ। তাঁর পরিবর্তে বিদর্ভের বাঁ-হাতি পেসার সৌরভ দুবেকে দলে অন্তর্ভুক্ত করল কেকেআর কর্তৃপক্ষ। ২৮ বছর বয়সী এই বোলার এর আগে দলের সঙ্গে নেট বোলার হিসেবে যুক্ত ছিলেন।

দীর্ঘদেহী পেসার সৌরভ দুবের ঘরোয়া ক্রিকেটে লিস্ট এ এবং টি-২০ খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৯ সালে তিনি ইন্ডিয়া এ দলের হয়েও মাঠে নেমেছিলেন। ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদে সুযোগ পেলেও চোটের কারণে তাঁর যাত্রা দীর্ঘ হয়নি। এবার রেজিস্টার্ড অ্যাভেলেবল প্লেয়ার পুল থেকে তাঁকে বেছে নিল নাইট ম্যানেজমেন্ট।

এদিকে আকাশ দীপ ছাড়াও হাঁটুর অস্ত্রোপচারের কারণে ছিটকে গেছেন অন্য এক পেসার হর্ষিত রানা। তাঁর বিকল্প খুঁজতে বর্তমানে ট্রায়াল চালাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। অধিনায়ক অজিঙ্ক রাহানের নেতৃত্বে আগামী ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মরসুমের প্রথম ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *