টিকিট বিভ্রাটে আসামে বিজেপি শিবিরে বড়সড় ভাঙন, প্রার্থী তালিকা ঘিরে তুঙ্গে অন্তর্দ্বন্দ্ব – এবেলা
এবেলা ডেস্কঃ
আসামে বিধানসভা নির্বাচনের মুখে প্রার্থী তালিকা ঘোষণাকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে পড়েছে ক্ষমতাসীন বিজেপি। ৯০টি আসনে প্রার্থীর নাম প্রকাশের পরপরই রাজ্যের ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকা জুড়ে দলীয় কোন্দল প্রকাশ্যে এসেছে। দীর্ঘদিনের ত্যাগী নেতা ও বিধায়কদের বাদ দিয়ে সদ্য দলত্যাগীদের প্রাধান্য দেওয়ার অভিযোগে দলের অন্দরে বিদ্রোহ শুরু হয়েছে, যা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিক্ষোভের জেরে দল ছেড়েছেন একাধিক প্রভাবশালী নেতা। বিহপুরীয়ার বিদায়ী বিধায়ক অমিয় কুমার ভুঁইয়া এবং দীর্ঘ ৩৫ বছর দলের সাথে যুক্ত থাকা রাজ্য সহ-সভাপতি জয়ন্ত দাস ইস্তফা দিয়ে নির্দল হিসেবে লড়ার ঘোষণা করেছেন। জয়ন্ত দাসের অভিযোগ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ‘সনাতনী হিন্দু’র দোহাই দিয়ে আসামবাসীকে বিভ্রান্ত করছেন এবং বাইরের নেতাদের দলে টেনে পুরনোদের বঞ্চিত করছেন।
দলের এই ডামাডোলে প্রাক্তন মন্ত্রী অতুল বরা ও সিদ্ধার্থ ভট্টাচার্যের মতো হেভিওয়েট নেতারাও টিকিট পাননি। মোট ১৯ জন বিধায়ক তালিকা থেকে বাদ পড়ায় দলের অন্দরে ক্ষোভের আগুন জ্বলছে। যদিও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই পরিস্থিতিকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর দাবি, সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয় এবং দল নতুন মুখদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে।

