লেটেস্ট নিউজ

পিসিবি মহলে তীব্র আতঙ্ক, হুট করে পারিশ্রমিক বাড়ানোর আবদার বিদেশি ক্রিকেটারদের – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তান সুপার লিগের ডামাডোলের মাঝেই বড়সড় বিপাকে পড়ল পিসিবি। ২৬ মার্চ থেকে টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও একের পর এক বিদেশি ক্রিকেটার নাম প্রত্যাহার করে নেওয়ায় টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, যারা পাকিস্তানে পৌঁছেছেন তাদের মধ্যেও অনেকে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির দোহাই দিয়ে শেষ মুহূর্তে বাড়তি টাকা দাবি করে বসেছেন।

ইতোমধ্যেই গুডাকেশ মোতি, জনসন চার্লস এবং রহমানুল্লাহ গুরবাজের মতো তারকারা পিএসএল ছেড়ে আইপিএল বা অন্য কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন। এই ‘চুক্তিভঙ্গ’ নিয়ে কড়া পদক্ষেপের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে স্বস্তির খবর হলো স্টিভ স্মিথ, ডেভন কনওয়ে এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামরা লাহোরে পৌঁছে গিয়েছেন। আইসিসি-র দরবারে ক্রিকেটারদের এই খামখেয়ালি আচরণ নিয়ে নালিশ জানানোর প্রস্তুতি নিচ্ছে পিসিবি।

অনুমতি ছাড়াই টুর্নামেন্ট ছেড়ে আইপিএলে যোগ দেওয়া ক্রিকেটারদের ওপর দুই থেকে চার বছরের নিষেধাজ্ঞার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে অতিরিক্ত কড়াকড়ি করলে ভবিষ্যতে বিদেশি ক্রিকেটার পাওয়া আরও কঠিন হবে কি না, তা নিয়ে ধন্দ কাটছে না আয়োজকদের।

অন্য কোনো লিগের জন্য খেলোয়াড়রা যাতে মাঝপথে চুক্তি না ভাঙে, সে বিষয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার হস্তক্ষেপ চাইবে পাকিস্তান। সব মিলিয়ে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের রাজনীতি আর টাকার লড়াইয়ে কোণঠাসা পিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *