যুদ্ধ কি আসন্ন! ইরান-মার্কিন চরম উত্তেজনার মাঝে বিশ্বজুড়ে আমেরিকানদের জন্য জারি হলো হাই অ্যালার্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান ও আমেরিকার মধ্যে সংঘাতের পারদ চড়ছে হু হু করে। হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে তেহরানও। এই যুদ্ধংদেহী পরিস্থিতির মাঝেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নিজেদের নাগরিকদের জন্য কড়া সতর্কতা জারি করল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে মার্কিন প্রশাসন জানিয়েছে, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর যেকোনো প্রান্তে থাকা আমেরিকানদের এখন বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের স্থানীয় দূতাবাসের নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশপথ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক ভ্রমণেও বড়সড় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
মার্কিন গোয়েন্দা দপ্তরের দাবি, মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে আমেরিকার কূটনৈতিক কেন্দ্রগুলো নিশানায় রয়েছে। ইরানের মদতপুষ্ট গোষ্ঠীগুলো বিশ্বের যেকোনো প্রান্তে আমেরিকানদের ওপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজেদের নাগরিকদের গতিবিধির ওপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।

