লেটেস্ট নিউজ

আরজি করে ফের অব্যবস্থার অভিযোগ, স্ট্রেচারের অভাবে হেঁটে শৌচালয়ে গিয়ে রোগীর মৃত্যু – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার আরজি কর হাসপাতালে ফের চিকিৎসার গাফিলতি ও পরিকাঠামোগত অব্যবস্থার গুরুতর অভিযোগ উঠল। শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে ভর্তি হওয়া ৬০ বছর বয়সী বিশ্বজিৎ সামন্তের মৃত্যু ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ওই বৃদ্ধকে শৌচালয়ে যাওয়ার জন্য কোনো স্ট্রেচার দেওয়া হয়নি। এমনকি ভবনের ভেতরে শৌচালয় না থাকায় অসুস্থ শরীরে তাঁকে বাইরে যেতে বাধ্য করা হয় বলে পরিবারের দাবি।

মৃতের পরিজনদের অভিযোগ অনুযায়ী, স্ট্রেচার না পেয়ে বিশ্বজিৎ বাবু হেঁটে যাওয়ার সময় রাস্তাতেই লুটিয়ে পড়েন। কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের কাছে সাহায্য চেয়েও মেলেনি বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বেডে ফিরিয়ে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অনুমান করা হলেও, হাসপাতালের এই চূড়ান্ত উদাসীনতা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন রোগীর আত্মীয়রা।

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই এই হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে লিফট বিপর্যয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই স্ট্রেচারের অভাবে রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ও পরিষেবা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। পুলিশ ইতিমধ্য়েই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *