উত্তর দমদমে ঘর গোছাচ্ছে তৃণমূল: পিছিয়ে থাকা ওয়ার্ডে বাজিমাত করতে বিশেষ রণকৌশল – এবেলা
এবেলা ডেস্কঃ
গত লোকসভা নির্বাচনের নিরিখে উত্তর দমদম বিধানসভা এলাকায় প্রায় ৬ হাজার ভোটে এগিয়ে থাকলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ তৃণমূল কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত নির্বাচনে সামান্য ব্যবধানে পিছিয়ে থাকা পাঁচটি ওয়ার্ডকে ‘পাখির চোখ’ করেছে শাসক দল। বুথভিত্তিক সংগঠন ঢেলে সাজানোর পাশাপাশি পুরসভার বাছাই করা নেতৃত্বকে বিশেষ দায়িত্ব দিয়ে ময়দানে নামানো হয়েছে।
সংগঠন মজবুত করতে বাড়ি বাড়ি প্রচার ও পাড়া বৈঠকের ওপর জোর দিচ্ছে ঘাসফুল শিবির। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরার পাশাপাশি স্থানীয় এসআইআর ইস্যুকেও হাতিয়ার করা হচ্ছে। বিশেষত উত্তর দমদম ও নিউ ব্যারাকপুর পুরসভার যেসব ওয়ার্ডে গতবার বিজেপি বা বামেরা ভালো ফল করেছিল, সেখানে স্বচ্ছ ভাবমূর্তির কর্মীদের নিয়ে বিশেষ টিম গঠন করে জনসংযোগ চালানো হচ্ছে।
অন্যদিকে, শাসক দলের এই তৎপরতাকে গুরুত্ব দিতে নারাজ বিরোধী শিবির। বিজেপির দাবি, দুর্নীতি, নারী নির্যাতন ও সিন্ডিকেটরাজের বিরুদ্ধে সাধারণ মানুষ এবার ব্যালটে জবাব দেবেন। বামেরাও এই কেন্দ্রে জয়ের বিষয়ে আশাবাদী। সব মিলিয়ে উত্তর দমদমে নিজেদের গড় ধরে রাখতে মরিয়া তৃণমূল যখন ঘর গোছাতে ব্যস্ত, তখন শিক্ষিত ভোটারদের রায়ের অপেক্ষায় রাজনৈতিক মহল।

