লেটেস্ট নিউজ

কলম্বিয়ায় ভেঙে পড়ল ১২১ যাত্রী বোঝাই সেনাবিমান, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩৪ জন – এবেলা

এবেলা ডেস্কঃ

কলম্বিয়ার পুতুমিয়ো বিভাগে সোমবার ভোরে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে। ১২১ জন আরোহী নিয়ে ওড়ার কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ আমাজন অঞ্চলের পুয়ের্তো লেগুইজামোতে ভেঙে পড়ে বায়ুসেনার ‘হারকিউলিস সি-১৩০’ বিমানটি। এই বিপর্যয়ে এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ২১ জন।

বিমানের আরোহীদের মধ্যে ১১০ জন সৈন্য এবং ১১ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পপিউলার নোটিক্সিয়াস কারাকোলকে দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা জানান, এই ঘটনায় ৭৭ জন মারাত্মক আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বোগোটা সহ বড় শহরগুলোর হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ জানিয়েছেন, বিমানটি সৈন্যদের নিয়ে অন্য একটি শহরে যাচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানবন্দর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে এটি ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বায়ুসেনা প্রধান কার্লোস ফার্নান্দো সিলভা।

দুর্ঘটনার পর দেশের সামরিক সরঞ্জাম এবং বিমানের আধুনিকীকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই কাজ ব্যাহত হচ্ছে বলে দাবি করে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তবে বিরোধীদের অভিযোগ, বাজেটে কাটছাঁটের কারণে বিমানের রক্ষণাবেক্ষণ এবং পাইলটদের প্রশিক্ষণে ঘাটতি ছিল। উল্লেখ্য, বিধ্বস্ত বিমানটি ২০২০ সালে আমেরিকা কলম্বিয়াকে দান করেছিল এবং ২০২৩ সালে এর ইঞ্জিন সহ প্রধান যন্ত্রাংশ সংস্কার করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *