লেটেস্ট নিউজ

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এসআইআরের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

সোমবার গভীর রাতে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের এসআইআর তালিকার বহুল প্রতীক্ষিত সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে। রাত ১২টার কিছু আগে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হয়। এর আগে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছিলেন যে, ২৯ লক্ষ নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর মধ্যরাতে শেষপর্যন্ত এই তালিকা জনসমক্ষে আসে।

প্রকাশিত এই তালিকায় কতজনের নাম শেষপর্যন্ত বাদ পড়ল, সেই বিষয়ে কমিশনের পক্ষ থেকে এখনও স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। মূলত বুথভিত্তিক দুটি ভাগে এই অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। একটি তালিকায় অন্তর্ভুক্ত নাম এবং অন্যটিতে বাদ পড়া ব্যক্তিদের তথ্য রয়েছে বলে জানা গিয়েছে। ওয়েবসাইটের চাপ ও যান্ত্রিক কারণে পূর্ণাঙ্গ পরিসংখ্যান পেতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, এর আগে বাংলায় এসআইআরের চূড়ান্ত তালিকায় প্রায় ৬৩ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল এবং ৬০ লক্ষ নাম বিচারাধীন ছিল। বর্তমান সাপ্লিমেন্টারি তালিকায় ২৯ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা থাকলেও সাধারণ ভোটারদের মধ্যে এখনও উৎকণ্ঠা বজায় রয়েছে। ভোটাররা এখন জেলা বা বুথভিত্তিক তালিকা ডাউনলোড করে নিজেদের নাম যাচাই করতে পারবেন। তবে সামগ্রিক নিষ্পত্তির বিষয়ে কমিশনের পরবর্তী বার্তার অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *