লেটেস্ট নিউজ

ভোটের কাজে গাড়ি ভাড়া বৃদ্ধি, নির্বাচন কমিশনকে তালিকা পাঠাল পরিবহন দফতর – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন নির্বাচনের ডিউটিতে ব্যবহৃত বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধির দাবি মেনে নিল রাজ্য পরিবহন দফতর। সোমবার পরিবহন দফতরের প্রধান সচিব সৌমিত্র মোহন এই সংক্রান্ত একটি সংশোধিত ভাড়ার তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠিয়েছেন। মূলত বেসরকারি বাস মালিকদের দীর্ঘদিনের দাবি এবং দফায় দফায় বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবহন দফতর সূত্রে খবর, ভিন রাজ্যে নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ির ভাড়ার তুলনায় পশ্চিমবঙ্গের বরাদ্দ অর্থ অনেকটাই কম ছিল। এই বৈষম্য দূর না করলে বাস মালিকরা গাড়ি দিতে অস্বীকার করেছিলেন, যা নিয়ে জটিলতা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতেই পুরনো হারের তুলনায় ভাড়া বাড়িয়ে নতুন তালিকা তৈরি করেছে দফতর।

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির মতে, আগে বাসের দৈনিক ভাড়া ও কর্মীদের ভাতা অত্যন্ত নগণ্য ছিল। নতুন এই পদক্ষেপের ফলে গাড়ি সংকটের আশঙ্কা কাটবে বলে মনে করা হচ্ছে। এখন নির্বাচন কমিশনের চূড়ান্ত অনুমোদনের পরেই নির্ধারিত হবে বর্ধিত ভাড়ার সঠিক পরিমাণ ও আনুষঙ্গিক অন্যান্য বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *