নির্বাচন কমিশনের অতিরিক্ত ভোটার তালিকায় অস্পষ্টতা, চরমে বিশৃঙ্খলা – এবেলা
এবেলা ডেস্কঃ
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দীর্ঘ ২২ দিন পর অতিরিক্ত তালিকা প্রকাশ করতে গিয়ে ব্যাপক বিশৃঙ্খলার মুখে পড়ল নির্বাচন কমিশন। সোমবার গভীর রাতে প্রথম দফার এই তালিকা প্রকাশিত হলেও কতজনের নাম নতুন করে যুক্ত হয়েছে বা বাদ গিয়েছে, সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য দেয়নি কমিশন। এমনকি প্রযুক্তিগত ত্রুটির কারণে অনেক ক্ষেত্রে বুথভিত্তিক তালিকা ডাউনলোড করা যাচ্ছে না বলেও অভিযোগ উঠেছে, যা ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তরকে অন্ধকারে রেখেই জাতীয় নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করেছে বলে অভিযোগ। সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, প্রায় ২৯ লক্ষ নামের নিষ্পত্তি হলেও অর্ধেকের বেশি ক্ষেত্রে ‘ই-সাইন’ না থাকায় প্রকৃত সংখ্যা জানা সম্ভব হয়নি। এই লুকোছাপা নিয়ে কমিশনের অন্দরেই প্রশ্ন উঠেছে। তবে আজ মঙ্গলবার দুপুরের মধ্যে পরিস্থিতি স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।
জেলাশাসক, বিডিও এবং এসডিও অফিসসহ বুথ স্তরেও এই তালিকা দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের নাম এই তালিকায় বাদ পড়েছে, তাঁদের জন্য ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ থাকছে। ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। পরবর্তী অতিরিক্ত তালিকা আগামী শুক্রবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

