আরজি কর বিভ্রাট: লিফট রক্ষণাবেক্ষণে চূড়ান্ত গাফিলতি, দফায় দফায় হাতবদল ও অদক্ষতার অভিযোগ – এবেলা
এবেলা ডেস্কঃ
আরজি কর মেডিকেল কলেজে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, হাসপাতালের লিফট রক্ষণাবেক্ষণের দায়িত্বটি পূর্ত দফতর থেকে একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছিল। তবে সেই সংস্থা নিজে কাজ না করে অন্য একটি সংস্থাকে ‘সাব-কনট্রাক্ট’ দেয়। অত্যন্ত স্পর্শকাতর এই পরিষেবার দায়িত্ব এভাবে বারবার হাতবদল হওয়ায় সুরক্ষার বিষয়টি চরম অবহেলিত হয়েছে বলে অভিযোগ।
তদন্তকারী কর্মকর্তাদের দাবি, যে দ্বিতীয় সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, লিফট পরিচালনার ক্ষেত্রে তাদের নূন্যতম অভিজ্ঞতা ছিল না। এমনকি প্রশিক্ষণহীন কর্মীদের দিয়েই মেরামতির কাজ চালানো হতো। লিফটের লাইসেন্স নবীকরণ করা হয়েছিল কি না, সেই বিষয়ে পৌরসভার কাছ থেকে নথি তলব করা হয়েছে। পাশাপাশি, দুর্ঘটনার সময় লিফটের বাইরের গেট কেন তালাবন্ধ ছিল এবং কারা সেই তালা লাগিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার প্রেক্ষিতে হাসপাতালের সমস্ত লিফট টেকনিশিয়ানকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। দীর্ঘ প্রতীক্ষার পর আজ সোমবার রোগী কল্যাণ সমিতির বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে এই গাফিলতির বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে কীভাবে একটি অদক্ষ সংস্থা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে কাজ চালিয়ে যাচ্ছিল, এখন সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

