স্ত্রী ও প্রেমিকের হাতে বলি বিজেপি কর্মী! রায়দিঘিতে পরকীয়ার বীভৎস পরিণতিতে তোলপাড় এলাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির মেনা এলাকায় এক নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। পরকীয়ার পথের কাঁটা সরাতে নিজের স্বামী কিশোর দাসকে (৩৯) গলা কেটে খুনের অভিযোগ উঠেছে স্ত্রী অনিমা দাস ও তাঁর প্রেমিক গোবিন্দ হালদারের বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্য়েই অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে।
নিহত কিশোর দাস এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশী গোবিন্দ হালদারের সঙ্গে অনিমার দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। অভিযোগ, সোমবার রাতে পরিকল্পনা করে কিশোরকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরেই গ্রামের একটি নির্জন জায়গায় তাঁর রক্তাক্ত ও গলাকাটা দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে রায়দিঘি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। নিহতের পরিবারের পক্ষ থেকে সরাসরি অনিমা ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। কিশোরের ভাইয়ের দাবি, ঘটনার দিন রাতে পাড়ার কালীপুজোর বিসর্জন দেখে ফেরার পথেই নিখোঁজ হন দাদা এবং পরে তাঁর ক্ষতবিক্ষত দেহ মেলে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পূর্ব পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। জেরায় ধৃতদের বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

