বনগাঁ দক্ষিণে তৃণমূলের বাজি তরুণ ইনফ্লুয়েন্সার ঋতুপর্ণা, রিল ছেড়ে এখন লক্ষ্য জনসেবা – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন ২৬ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঋতুপর্ণা আঢ্য। পেশাদার কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ঋতুপর্ণা এখন ভার্চুয়াল জগত ছেড়ে সরাসরি মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, মানুষের উন্নয়নের স্বার্থে যদি তাঁর জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্রোফাইল ইনঅ্যাক্টিভ বা বন্ধও হয়ে যায়, তাতে তাঁর কোনো আক্ষেপ নেই।
রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা ঋতুপর্ণা বর্তমানে বনগাঁ পুরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত। প্রচারে বেরিয়ে তিনি প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীনদের আধুনিক চিন্তাধারার মেলবন্ধনের ওপর জোর দিচ্ছেন। তাঁর প্রধান লক্ষ্য হলো এই পঞ্চায়েত এলাকাকে পুরসভায় রূপান্তরিত করা এবং স্থানীয় তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। মহিলা ও যুব ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে তিনি আশাবাদী।
ব্যক্তিগত ও পারিবারিক নানা বিতর্কের মুখোমুখি হলেও ঋতুপর্ণা বর্তমানে শুধুমাত্র ইতিবাচক রাজনীতিতে মনোনিবেশ করতে চান। নেতিবাচক আলোচনা এড়িয়ে গিয়ে তিনি নিজেকে ‘ঘরের মেয়ে’ হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া। ডিজিটাল প্ল্যাটফর্মের ফলোয়ার বাড়ানোর চেয়ে সাধারণ ভোটারের বিশ্বাস অর্জনই এখন তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। উন্নয়নের বার্তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালিয়ে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী এই তরুণ তৃণমূল প্রার্থী।

